মধ্যপ্রাচ্য

হুতিদের হামলার মধ্যে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানদের বৈঠক

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানদের বৈঠক

রিয়াদ, ২৬ সেপ্টেম্বর- ইয়েমেনের হুতিদের অব্যাহত হামলার মুখে সহায়তা দেওয়ার অংশ হিসেবে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধানরা বৈঠক করেছেন। বৈঠকে তারা সম্মিলিত প্রতিরক্ষা এবং ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অবিলম্বে বাস্তবায়নের বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি আবারও জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, বৈঠকে সামরিক প্রধানরা রিয়াদের নিরাপত্তা পরিস্থিতি ও বিদ্যমান হুমকিগুলো পর্যালোচনা করেন এবং মক্কাসহ সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানান। নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা এবং রাজ্যের নিরাপত্তা রক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর সতর্কতা ও পেশাদারিত্বেরও তারা প্রশংসা করেন।

এ সময় তিন পক্ষ তাদের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এর মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়ানো, সামরিক সমন্বয় এবং প্রতিরোধ ক্ষমতা ও যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সক্ষমতার সমন্বয় করার বিষয়গুলো ছিল। তারা সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জনগণ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক আস্থার বিষয়টিও তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা বলেন, রিয়াদের এই বৈঠক তাদের প্রতিরক্ষা অংশীদারিত্বের দৃঢ়তা এবং ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় নেওয়া প্রতিশ্রুতিগুলোকে কার্যকর সামরিক সহযোগিতায় রূপ দেওয়ার ক্ষেত্রে তাদের অভিন্ন সংকল্পের প্রতিফলন। তারা যৌথ প্রতিরক্ষার প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে তাদের দৃঢ় সংকল্পের ওপর জোর দেন।

এদিকে একই দিনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিন্স খালিদ লেখেন, আমরা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় অনুষ্ঠিত সামরিক প্রধানদের বৈঠকের ফলাফলকে স্বাগত জানিয়েছি। পবিত্র নগরী মক্কা ও সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো জঘন্য হামলাগুলো নিয়ে আলোচনা করেছি।

তিনি আরও বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী এসব হামলা মোকাবিলায় আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়টি আমরা নিশ্চিত করেছি।

এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language