মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিশ্চিত করতে জাতিসংঘে খসড়া প্রস্তাব দিচ্ছে ফ্রান্স

হরমুজ প্রণালি

প্যারিস, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব নিয়ে কাজ করছে ফ্রান্স। জাতিসংঘের এক কূটনীতিক জানিয়েছেন, প্রস্তাবটিতে কৌশলগত এই সমুদ্রপথে নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর প্রয়োজনীয়তার কথা আবারও বলা হবে।

ওই কূটনীতিক আরও জানান, প্রস্তাবিত জাতিসংঘের এই প্রস্তাবে সমুদ্র আইন মেনে চলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নেওয়া শান্তিপূর্ণ উদ্যোগগুলোর প্রতি সমর্থন জানানো হবে।

বিশ্বে বাণিজ্য হওয়া মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ যুদ্ধের আগে হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। সেখানে ইরানের তৈরি প্রতিবন্ধকতা এখন দেশটির প্রধান দরকষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। এর প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেসনাল নির্বাচনের আগে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক সমস্যাও তৈরি করেছে।

ওই কূটনীতিক জানান, চলতি সপ্তাহে বিশ্বনেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতিসংঘের বার্ষিক সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ বিষয়ে আলোচনা করেছেন। এ ছাড়া আরব দেশগুলো এবং ইরানের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া শর্তগুলো মেনে নেয়, তাহলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করবে। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরান সংক্রান্ত বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করছেন।

এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language