সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

ঢাকা, ২৬ সেপ্টেম্বর- সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের উপযুক্ত স্থাপনায় বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেলে অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
এস এম/ ২৬ সেপ্টেম্বর ২০২৬







