সাত মাস পর আলজেরিয়ার সর্ববৃহৎ মসজিদে প্রথম জুমা অনুষ্ঠিত

আলজিয়ার্স, ৭ নভেম্বর- করেনা মহামারিতে দীর্ঘ সাত মাস অপেক্ষার পর আলজেরিয়ায় অবস্থিত বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদে প্রথম বারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (৬ নভেম্বর) করোনারোধে স্বাস্থ্যবিধি মেনে প্রথম বারের মতো দেশের সর্ববৃহৎ মসজিদ জুমার নামাজ হয়। জুমার সময় উপস্থিত ছিলেন, আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসুফ বিলাহমাদি ও ইসলামিক সুপ্রিম কাউন্সিলের প্রধান বোআবদুল্লাহ গোলামুল্লাহ।
নামাজের পর আন নাহার চ্যানেলকে ধর্মমন্ত্রী বলেন, ‘আলজেরিয়ার জনগন আজ তিনটি আনন্দ উপভোগ করছে। জুমার আনন্দ, মসজিদে নামাজ আদায়ের আনন্দ ও আলজেরিয়ার গ্র্যাট মসজিদ উম্মুক্ত হওয়ার আনন্দ।’
এর আগে গত ২৮ অক্টোরব মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আলজেরিয়ার সর্ববৃহৎ মসজিদটি উদ্বোধন হয়।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেউবিন এক নির্দেশনায় ৬ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে জুমা শুরুর ঘোষণা দেন।
রাজধানী আলজেয়ার্সের মুহাম্মাদিয়াহ গ্রামে অবস্থিত মসজিদ আল জাজায়ের বা আলজেয়ার্স গ্র্যান্ড মসজিদটি মসজিদুল হারাম ও মসজিদে নববির পর তৃতীয় বৃহত্তম মসজিদ।
বৃহত্তর এই মসজিদটি দুই শ মিটার প্রশস্ত। এক সঙ্গে প্রায় এক লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদের মিনারটি উচ্চতায় প্রায় ২৬৫ মিটার। ২০১২ সালের মে মাসে মসজিদের নির্মাণকাজ শুরু হয়।
গত ১৭ মার্চ থেকে করোনা মহামারিরোধে আলজেরিয়া সরকার দেশের সব মসজিদে আজান চালু রেখে জুমাসহ সব নামাজ বন্ধের নির্দেশনা দেয়। এরপর আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উম্মুক্ত করা হয়।
সূত্র : আনাদোলু এজেন্সি
আর/০৮:১৪/৭ নভেম্বর









