ঢালিউড

নেটদুনিয়ায় পরী-রাজের বিয়ে!

ঢাকা, ২২ মার্চ – সম্প্রতি বিয়ে করেন হালের ক্রেজ চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরীফুল রাজ। বাস্তবের মতো ‘গুণিন’ সিনেমার গল্পেও তাদের বিয়ে হয়।

মূলত এই সিনেমায় কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ-পরী। পরবর্তীতে তা পরিণয় পায়। এবার অনলাইনে দেখা যাবে পরীমনি ও শরীফুল রাজের বিয়ে। এই জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘গুণিন’ সিনেমা ২৪ মার্চ রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

সিনেমাটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে ‘গুণিন’ তেমনটাই হচ্ছে। আর পুরো পরিকল্পনাটা করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠানই।’’

সিনেমাটি প্রযোজনা করেছে চরকি। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এর জোরে গ্রামে বিশাল প্রভাব বিস্তার করেন তিনি। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

সিনেমাটির প্রধান দুই চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

এন এইচ, ২২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language