ইসলাম

যদিও গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়

বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহতায়ালা বান্দার গোনাহ মাফ করেন। আল্লাহর মাফের কোনো সীমা-পরিসীমা নেই। বান্দার গোনাহ কত হতে পারে? সব গোনাহ তিনি ক্ষমা করে দেবেন। এমন রবের বান্দা কি নিরাশ হতে পারে? কখনও না, প্রয়োজন শুধু তার দুয়ারে ফিরে আসার।

কিছু হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে আল্লাহ ক্ষমার প্রশস্ততার, কী পরিমাণ গোনাহ হওয়ার পরও তিনি ক্ষমা করেন। কোনো হাদিসে এসেছে, …যদিও গোনাহ মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়। কোনো হাদিসে এসেছে, …যদিও বান্দা উপস্থিত হয় পৃথিবীভর্তি গোনাহ নিয়ে। কোনো বর্ণনায় এসেছে, …যদিও গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়।

সমুদ্রের ফেনা কী পরিমাণ হয়? সমুদ্র যত বিশাল এর ফেনার পরিমাণও তেমন পরিমাপের ঊর্ধ্বে। কে পারে সমুদ্রের ফেনারাশির পরিমাপ করতে। তার অর্থ, বান্দা যত গোনাহ নিয়েই তওবার দরজায় ধরণা দিক না কেন, আল্লাহ মাফ করে দেবেন।

এখানে কিছু আমলের কথা উল্লেখ করা হলো, যেসবের ফজিলতে বলা হয়েছে- আল্লাহ মাফ করে দেবেন, যদিও গোনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়।

নামাজের পরের আমল

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদুলিল্লাহ ও তেত্রিশবার আল্লাহু আকবার, বলবে। এই হলো- নিরানব্বই, এরপর একশ পূরণ করবে এই বলে- লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। তার গোনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। -সহিহ মুসলিম: ৫৯৭

দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দিনে একশ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার পাপসমূহ মিটে যাবে যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। -সহিহ বোখারি : ৬৪০৫

ফজরের নামাজের পরের তাসবিহ

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর একশ বার সুবহানাল্লাহ এবং একশ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার গোনাহগুলো মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। -সুনানে নাসায়ি : ১৩৫৪

আরেকটি দোয়া

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যে ব্যক্তি এই দোয়া পড়বে- ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ’ তার পাপগুলো মিটে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। -জামে তিরমিজি : ৩৪৬০

এম এস, ১৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language