মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক লেজার প্রযুক্তির যুদ্ধজাহাজ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

লন্ডন, ২১ মে – মধ্যপ্রাচ্য ও তৎসংলগ্ন কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে নিজেদের সামরিক শক্তি আরও সংহত করতে অত্যাধুনিক লেজার প্রযুক্তিসম্পন্ন দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় এই ডেস্ট্রয়ার দুটি বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে।
ওডিন নামক বিশেষ লেজার সিস্টেমে সজ্জিত এই জাহাজগুলো মূলত প্রতিপক্ষের ড্রোন বা মানববিহীন আকাশযানের গতিবিধিকে বিভ্রান্ত ও অকার্যকর করতে সক্ষম। প্রতিরক্ষা বিষয়ক মার্কিন পোর্টাল দ্য ওয়ার জোনের প্রতিবেদনের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে।
খবরে জানানো হয়েছে যে,
মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং পূর্ব আফ্রিকা অঞ্চলে এই যুদ্ধজাহাজ দুটি অপারেশনাল কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে দায়িত্ব পালন করছে।
অন্যদিকে ইউএসএস জন ফিন নামক দ্বিতীয় ডেস্ট্রয়ারটি ভারত মহাসাগরে সরাসরি যুদ্ধকালীন ডিউটিতে নিয়োজিত রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে জাহাজগুলোতে ব্যবহৃত ওডিন লেজার সিস্টেমটি অত্যন্ত আধুনিক ও নিখুঁত প্রযুক্তি।
এটি প্রতিপক্ষের ড্রোনকে দিকভ্রান্ত করার পাশাপাশি শত্রুভাবাপন্ন জাহাজ, সাবমেনিন, মানবচালিত বিমান কিংবা চালকবিহীন ড্রোনের ক্যামেরা এবং সেন্সরগুলোকে মুহূর্তের মধ্যে বিকল করে দিতে পারে।
সাম্প্রতিক সময়ে ড্রোনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় এই প্রযুক্তি মার্কিন নৌবাহিনীকে বড় ধরনের কৌশলগত সুবিধা দেবে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ২১ মে ২০২৬









