মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ঢাকা, ২১ মে – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বৃহস্পতিবার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলো এই দাবি জানায়।
সংবাদ সম্মেলনে শোকসন্তপ্ত অভিভাবকরা জানান যে ২১ মে সংঘটিত ওই মর্মান্তিক দুর্ঘটনায় ২৮ জন শিক্ষার্থীসহ মোট ৩৫ জন প্রাণ হারিয়েছেন। ঘটনার ১০ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ন্যায়বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সম্মেলনে উপস্থিত স্বজনরা তাদের সন্তানদের হারানো যন্ত্রণার কথা তুলে ধরে বলেন যে তারা শুরু থেকেই শান্তিপূর্নভাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিচার চেয়ে আসছেন। বিভিন্ন দপ্তর ও তদন্ত কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও দীর্ঘ সময়েও তার প্রতিফলন ঘটেনি।
সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন উসাই মং মারমা, আশিকুর রহমান এবং রেজাউল করিম। তারা জানান যে অনেক পরিবার তাদের একমাত্র সন্তানকে হারিয়ে আজ নিঃস্ব।
ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আকুল আবেদন জানান।
এস এম/ ২১ মে ২০২৬









