ইউরোপ

বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে: জেলেনস্কি

কিয়েভ, ২৭ ফেব্রুয়ারি – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তার কথা হয়েছে। তবে কী কথা হয়েছে তা বিস্তারিত বলেননি তিনি।

রোববার ইউক্রেনে রাশিয়ান অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি অনলাইন। এর আগে রাশিয়া বলেছিল, ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে রাশিয়ার একটি প্রতিনিধিদল বেলারুশে পৌঁছেছে।

এর আগে বেলারুশের মিনস্কে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। তিনি বলেন, মিনস্কে আলোচনা করা সম্ভব হতো যদি রাশিয়া বেলারুশের ভূমি ব্যবহার না করে ইউক্রেনে আক্রমণ চালাতো। যদিও তিনি বলেছেন, অন্য কোনো স্থানে আলোচনার জন্য তিনি প্রস্তুত আছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: সমকাল
এম ইউ/২৭ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language