ঢালিউড

বিশেষ কারণে টিএসসিতে যাচ্ছেন সিয়াম-পূজা

ঢাকা, ১০ ডিসেম্বর – সিয়াম-পূজা জুটির নতুন সিনেমা ‘শান’। আগামী বছর ৭ জানুয়ারি এটি মুক্তি পাচ্ছে। আর এই মুহূর্তে চলছে এর জোর প্রচারণা। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার একাধিক পোস্টার। তবে বিশেষ আয়োজনটি থাকছে শুক্রবার। কারণ এদিন আসছে সিনেমার ট্রেলার। আর পুরো আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র তথা টিএসসিতে। যেখানে উপস্থিত থাকবে সিয়াম ও পূজাসহ ‘শান’র পুরো টিম।

অ্যাকশন-থ্রিলারধর্মী ‘শান’ সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। তাই প্রচারণার দিকটিও দেখছে তারা।

জাজের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস চত্বরে “শান” সিনেমার কলাকুশলীরা উপস্থিত দর্শকদের সামনে ট্রেলার উন্মুক্ত করবেন। একই সময়ে ট্রেলারটি অনলাইনেও উন্মুক্ত করা হবে।

এদিকে ‘শান’ সিনেমা এরই মধ্যে আলোচনায় এসেছে এর পোস্টার দিয়ে। যেখানে দেখা গেছে, কেবল সিয়ামকে। পোস্টারজুড়ে অ্যাকশনের ছাপ স্পষ্ট। রক্তাক্ত চেহারায় যেন ক্ষোভের আগুন জ্বলছে সিয়াম। পোস্টারটি প্রকাশ করে জাজ এর ক্যাপশনে জুড়ে দেয়, ‘বাঘ দেখলে কেউ তালি দেয় না। বাঘ দেখলে ভাগে!’

‘শান’ সিনেমায় সিয়াম-পূজার পাশাপাশি আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদসহ অনেকে।

এম এস, ১০ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language