বলিউড

শাহরুখের পাশে হৃতিক, কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন কঙ্গনা

মুম্বাই, ০৭ অক্টোবর – শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বলিউডের অনেক তারকা তার পাশে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে আরিয়ানের একটি ছবি পোস্ট করে দীর্ঘ একটি পোস্ট করেছেন হৃতিক রোশান।

আরিয়ানকে উদ্দেশ‌্য করে হৃতিক লিখেন, ‘জীবনের জার্নিটা অদ্ভূত। এর অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে রয়েছে অসাধারণত্ব। যারা সবচেয়ে কঠিন, তাদের দিকেই ঈশ্বর সবচেয়ে কঠিন বলটি ছুঁড়ে দেন। জেনে রেখো, তুমি স্পেশাল। চারপাশের ঝামেলার মধ্যে তোমার নিজেকে নিজেই সামলাতে হবে। আমি জানি এখন তোমার মনের কী অবস্থা। রাগ হচ্ছে, ভয় পাচ্ছ, অসহায় লাগছে। সত্যি কথা বলি? এই সব উপকরণই তো তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই হিরোকে বাইরে বের করে আনবে। কিন্তু সাবধান, এই একই উপকরণ তোমাকে শেষ করেও দিতে পারে। তোমার মধ্যে দয়া, মানুষের জন্য ভালোবাসা আছে। নিজেকে দগ্ধ হতে দাও। কিন্তু এতটাও না যে সব শেষ হয়ে যায়। ভুল-ভ্রান্তি, জয়-বিপর্যয়, সাফল্য—সবই কিন্তু আদতে এক।’

হৃতিকের এই পোস্টে লাইক-কমেন্ট করে অনেকে সংহতি প্রকাশ করেছেন। রয়েছেন বলিউডের একঝাঁক তারকাও। এ তালিকায় রয়েছেন—আলিয়া ভাট, সঞ্জয় কাপুর প্রমুখ।

হৃতিকের এই পোস্টের পর কঙ্গনা রাণৌত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। শাহরুখের দুঃসময়ে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব‌্য দিয়েছেন এই অভিনেত্রী। কঙ্গনা লিখেন—‘এখন সমস্ত মাফিয়া পাপ্পুরা আরিয়ানকে রক্ষা করতে এসেছেন। আমরা ভুল করি। কিন্তু তাদের নিয়ে গৌরব করা ঠিক নয়। আমি বিশ্বাস করি এতে করে তার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং কর্মের পরিণতি অনুধাবন করবে। আমি বিশ্বাস করি, এই ঘটনা তাকে আরো বিকশিত করবে, তাকে আরো ভালো ও বড় করবে। যখন কেউ সংকটে পড়ে তখন তাকে নিয়ে সমালোচনা করাটা ভালো নয়। কিন্তু তারা কোনো ভুল করেননি এমন ভাবাটা অপরাধ।’

এম এস, ০৭ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language