ফুটবল

আরেকটি গোল উৎসব সেরে সিংহাসনে বসল বায়ার্ন

চলতি মৌসুমে যেন গোলক্ষুধা পেয়ে বসেছে বায়ার্ন মিউনিখকে। মাঠে নামলেই বড় জয়। জার্মান চ্যাম্পিয়নরা এবার বুন্দেসলিগার তলানিতে থাকা নবাগত দল বোহোমের জালে সেরেছে ৭-০ গোলের উৎসব।

এর আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনার মাঠে ৩-০ গোলের জয় পায় বায়ার্ন। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত আট ম্যাচ খেলেছে হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

তার মধ্যে প্রতিপক্ষের জালে দিয়েছে ৩৮ গোল। বিপরীতে হজম করেছে মাত্র ৫ গোল। শেষ দুই ম্যাচে কোনো গোল না খেয়ে প্রতিপক্ষের জালে ১০ বার বল পাঠিয়েছে বাভারিয়ানরা। তার মধ্যে বুন্দেসলিগার চলতি মৌসুমে পাঁচ ম্যাচ খেলে ২০ গোল করেছে বায়ার্ন।

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ১১ বছর পর লিগে ফেরা বোহোমকে কোনো সুবিধায় করতে দেয়নি বায়ার্ন। ১৭তম মিনিটে গোল উৎসবের উদ্বোধন করেন লেরয় সানে।

এরপর ২৭ ও ৬৪তম মিনিটে জোড়া গোল করেন জশুয়া কিমিচ। তার মধ্যে জার্মান মিডফিল্ডার প্রথম গোলটি করেন সানের পাস থেকে। বায়ার্ন বিরতিতে যায় চার গোলে এগিয়ে থেকে। তার মধ্যে টমাস মুলারের পাস থেকে ৩২তম মিনিটে দলের তৃতীয় গোল করেন সের্গে নাব্রি। ৪৩তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে বোহোম।

দ্বিতীয়ার্ধে ব্যবধানটা বাড়িয়ে নেয় নাগেলসম্যানের দল। ৬১তম মিনিটে বোহোমের জাল খুঁজে নেন রবার্ট লেভানদভস্কি। ৭৯তম মিনিটে বায়ার্নের শেষ গোলটি করেন এরিক ম্যাক্সিম চোপো-মোটিং।

এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ভলসবুর্গ। পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে বোহোম।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৯ সেপ্টেম্বর


Back to top button
🌐 Read in Your Language