ঢালিউড

দোদুলের নতুন থ্রিলারে জুটি বাঁধলেন তাহসান-স্পর্শিয়া

ঢাকা, ২৫ অক্টোবর- রাজনৈতিক থ্রিলারকে উপজীব্য করে ঢালিউডে সিনেমা হয়েছে খুবই কম। সেই আমেজে সিনেমা নির্মাণ করে অভিষেকেই প্রশংসিত হয়েছেন নাট্যনির্মাতা হিসেবে তুমুল জনপ্রিয় গোলাম সোহরাব দোদুল। গেল বছর মুক্তি পাওয়া সে ছবির নাম ‘সাপলুডু’। এতে অভিনয় করতে দেখা গেছে জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাউদ্দিন লাভলু, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিমের মতো তারকাদের।

বেশ দীর্ঘ একটা বিরতি দিয়ে আবারও থ্রিলার নিয়ে বড় আঙ্গিকে ফিরছেন দোদুল। তার এবারের মিশনের নাম ‘ছক – দ্য মেজ’। এখানে চমক হিসেবে পরিচালক হাজির করতে চলেছেন নতুন একটি জুটিকে। তারা হলেন গায়ক থেকে অভিনেতা হিসেবে দর্শকপ্রিয় হওয়া তাহসান খান ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এবারই প্রথম তারা একে অন্যের বিপরীতে কাজ করবেন।

বিষয়টি নিশ্চিত করে দোদুল আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে বলেন, ‘এটি মূলত একটি ওয়েব ফিল্ম। আরিচা ঘাটে আজ থেকে শুরু করেছি শুটিং। টানা কিছুদিন কাজ করবো এখানে। আজ থেকেই শুটিংয়ে রয়েছেন তাহসান ও স্পর্শিয়া। দর্শককে একটু নতুন টেস্ট, নতুন ভালো লাগা উপহার দিতেই এ দুজনকে এক করেছি। আশা তো করছি ভালো কিছু হবে।’

‘তাহসানকে আমরা সচরাচর প্রেমের গল্পে যে ইমেজে দেখে এসেছি এখানে তার সম্পূর্ণই আলাদা কিছু হবে। তার চরিত্রটিকেই আমি বলবো দর্শকের জন্য স্পেশাল সারপ্রাইজ হবে। তাহসানও নিজেকে এবং তার অভিনয়কে দারুণভাবে উপস্থাপনের সুযোগ পাবেন ‘ছক’ ছবিতে। দর্শক মনে রাখবেন তাকে। সবার কাছে তার অভিনয়ের একটি নতুন দুয়ার উন্মোচন হতে যাচ্ছে’- যোগ করলেন গোলাম সোহরাব দোদুল।

আরও পড়ুন: সবার একবার হলেও শাড়ি পরা উচিত: অক্ষয়

‘ছক’-এ তাহসান ও স্পর্শিয়া ছাড়াও অভিনয় করতে দেখা যাবে একঝাঁক থিয়েটারকর্মীকে।

সবকিছু ঠিক থাকলে আসছে বছরের প্রথম দিকেই ‘ছক’ মুক্তি পাবে কোনে একটি জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে।

আডি/ ২৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language