সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

সিলেট, ২৬ আগস্ট – সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে এক হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১৮১ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ৭৯ জনই সিলেট জেলার। সুনামগঞ্জের ১৯, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৪৩ জন রয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা যাওয়া ১২ জনের মধ্যে ১১ জনই সিলেট জেলার ও অপরজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী।

বিভাগটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ২৭ জনে। এর মধ্যে সিলেট জেলার ৭৪৯, সুনামগঞ্জের ৭০, হবিগঞ্জের ৪৬, মৌলভীবাজারের ৭০ জন ও ওসমানী হাসপাতালের ৯২ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে সুস্থ হয়েছেন ৪১৪ জন। এ নিয়ে বিভাগটিতে ভাইরাসটি থেকে মুক্ত হলেন ৪২ হাজার ২০৫ জন।

ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ ও হবিগঞ্জে একজন ভর্তি হয়েছেন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৬ আগস্ট


Back to top button