আইন-আদালত

মাদক মামলায় পরীমণির রিমান্ড ও জামিনের শুনানি আজ

ঢাকা, ১৯ আগস্ট – চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি হবে বৃহস্পতিবার (১৯ আগস্ট)।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পরীমণিকে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে শুনানি করবেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সৌরভীসহ আরও অনেক আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের জন্য আবেদন করবেন।

এর আগে গত সোমবার (১৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমান পরীমণির জামিনের আবেদন করলে আদালত এ বিষয়ে শুনানির জন্য বুধবার (১৮ আগস্ট) দিন ধার্য করেন।

এরপর বুধবার (১৮ আগস্ট) পরীমণির জামিনের বিষয়ে শুনানি করতে আসেন তার আইনজীবী মুজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আরও কয়েকজন আইনজীবী। কিন্তু বনানী থানার মাদক দ্রব্য আইনের মামলায় তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তফা তৃতীয় দফায় আবারও পরীমণির ৫ দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে গত শুক্রবার (১৩ আগস্ট) পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে বনানী থানায় দায়ের করা মাদকের মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মুজিবুর রহমানসহ আরও অনেকে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার আগে গত ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং গত ৫ আগস্ট একই মামলায় পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। আটকের পর তাদেরকে র‍্যাবের সদর দফতরে নেওয়া হয়। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

সুত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৯ আগস্ট ২০২১


Back to top button
🌐 Read in Your Language