পুলিশ পরিচয়ে জিম্মি, চক্রের নারী সদস্যসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম, ১০ জুলাই – চক্রের এক নারী সদস্য প্রেমের অভিনয় করে বাসায় ডেকে আনে পুরুষকে। এরপর বাকি সদস্যরা পুলিশ পরিচয়ে তাকে হাতেনাতে আটক করে টাকা আদায় করে।
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় গড়ে ওঠা চক্রের চার সদস্য শুক্রবার (৯ জুলাই) দিবাগত রাতে জাহেদ (৪৩) নামে এক ব্যক্তিকে জিম্মি করে টাকা আদায় করতে গিয়ে গ্রেফতার হয় পুলিশের হাতে।
গ্রেফতাররা হলেন- পারভেজ হোসেন জুয়েল (২৮), মো. সাইদুল ইসলাম (৩৪), আশরাফুল আলম ওরফে সাগর (২৩) ও রহিমা আক্তার রুপা (২৫)।
পুলিশ জানায়, অভিযুক্তরা ডবলমুরিং থানার মেম গলির কাউসার বিল্ডিংয়ের নিচ তলার একটি বাসা ভাড়া নেয়। এরপর সেখানে রহিমা আক্তার প্রেমের অভিনয় করে মানুষজনকে বাসায় আনে। আনার পর বাকি সদস্যরা অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ পরিচয়ে ভুক্তভোগী থেকে টাকা আদায় করে।
শুক্রবার জাহেদ নামে এক ব্যক্তিকে জিম্মি করে টাকা আদায় করতে চাইলে তিনি চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তদের আটক করে। পরে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আজ (শনিবার) আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র : জাগো নিউজ
এম এউ, ১০ জুলাই









