বরিশাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে সাধারণ রোগীদের আসতে নিষেধাজ্ঞা

বরিশাল, ০৯ জুলাই-  নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিভাগের জেলা ও উপজেলার হাসপাতাল থেকে সাধারণ রোগীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা জারি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বরিশালজুড়ে করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে বরিশাল নগরীতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সব দিক বিবেচনায় নিয়ে সাধারণ রোগী যারা রয়েছে, যেমন—সাধারণ আহত, সর্দি বা কাশির রোগী, অর্থাৎ যেসব রোগীদের চিকিৎসা জেলা ও উপজেলার হাসপাতালে সম্ভব, সেসব রোগীদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বাসুদেব কুমার দাস আরও জানান, এমনিতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগে প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোগী ভর্তি থাকে। এ ছাড়া বহির্বিভাগে রোগীর সংখ্যা এমনিতেই অনেক। এর মধ্যে করোনা রোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। যেসব রোগীদের চিকিৎসা জেলা বা উপজেলার হাসপাতালে সম্ভব, তারাও ভিড় করছে এই হাসপাতালে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে বিভাগের সব জেলা সিভিল সার্জন, জেলা ও উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

সূত্রঃ এনটিভি

আর আই


Back to top button
🌐 Read in Your Language