বরিশাল

বরিশালে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৫৯ জন শনাক্ত, মৃত্যু ১২

বরিশাল, ০৬ জুলাই- বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙছে একের পর এক আগের রেকর্ড। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৬। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৫৩২ জন।

এছাড়া একই সময়ে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে পাঁচজন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৯ হাজার ৫৩২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৯৪ জন। আক্রান্তের সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১৭৮ জন নিয়ে মোট আট হাজার ৫৩০ জন,পটুয়াখালীতে নতুন ৩৬ জন নিয়ে মোট দুই হাজার ৬১৯ জন, ভোলা জেলায় নতুন ১৪ জনসহ মোট দুই হাজার ১১৭ জন, পিরোজপুরে নতুন ৮৪ জন নিয়ে মোট দুই হাজার ৫৮৩ জন, বরগুনায় ৪৩ জন নিয়ে মোট আক্রান্ত এক হাজার ৫৭২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ১১১ জন।

এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৬১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৬১ জনের মধ্যে ২৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৫৪ জন ও করোনা ওয়ার্ডে তিনজন ভর্তি হয়েছে। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৩৬ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ এবং ১৯০ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ৭৩ দশমিক ৯৩ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

সুত্রঃ এনটিভি

আর আই


Back to top button
🌐 Read in Your Language