জাতীয়

কৃষি ও প্রযুক্তি খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ১ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা ও গমসহ কৃষির বিভিন্ন উপখাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিস্তারিত জানিয়ে বলেন, মার্কিন বিশেষ দূত সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন। সার্জিও গর উল্লেখ করেন যে, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে।

এরই প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য তাদের বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরি বা ভ্রমণ সতর্কবার্তার ইতিবাচক পরিবর্তন এনেছে। এই পরিবর্তন মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত।

বৈঠকে আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের সঙ্গে বাংলাদেশের কারিগরি সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও কথা হয়েছে।

সার্জিও গর আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে এফডিএর পরীক্ষাকার্য পুনরায় শুরু করতে তিনি প্রয়োজনীয় সহায়তা করবেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র নিয়ে মতবিনিময় হয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ দূত জানান, ঢাকায় মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই একটি ইনভেস্টর সামিট আয়োজন করতে আগ্রহী। তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের বিশেষ আগ্রহের প্রেক্ষিতে সার্জিও গর বলেন, এই খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দেশটি ভবিষ্যতে প্যাক্স সিলিকা উদ্যোগের অংশীদার হতে পারে।

এছাড়া রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আসিয়ানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ১ আগস্ট ২০২৬


Back to top button