মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্বিবেচনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের আহ্বান

তেহরান, ১ আগস্ট – যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ পুরো অঞ্চলকে এক বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি সম্প্রতি এই সতর্কবার্তা প্রদান করেন। তিনি বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পদ, অবকাঠামো এবং সক্ষমতাকে নিজেদের দুর্বল হয়ে পড়া সামরিক শক্তির প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, আঞ্চলিক দেশগুলোর উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বর্তমান সহযোগিতা ও অবস্থান নতুন করে মূল্যায়ন করা। আলী আবদোল্লাহি সতর্ক করে আরও বলেন, এ ধরনের নীতি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর নিজেদের নিরাপত্তাকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে।

তার মতে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে, তারা অনিবার্যভাবে যুদ্ধের ভয়াবহ ক্ষতির শিকার হবে। তাই আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশগুলোকে সংঘাতমুক্ত নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।

তিনি আরও যোগ করেন যে, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের পদক্ষেপ কেবল দুই দেশের উত্তেজনা বাড়াচ্ছে না, বরং এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন কড়া বার্তা এল।

এস এম/ ১ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language