অপরাধ

মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

ঢাকা,০৫ জুন- চলন্ত মাইক্রোবাস থেকে চালককে ফেলে দিয়ে মাইক্রোবাস ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নরসিংদী ও কুমিল্লার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শনিবার (৫ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, চলন্ত মাইক্রোবাস থেকে চালককে ফেলে দিয়ে মাইক্রোবাস নিয়ে চলে যান এ ছয় ছিনতাইকারী। তারা হলেন, মীর মিজান মিয়া, হাবিব মিয়া, ফারুক, কামাল মিয়া, আলামিন ও মোবারক।

গত ২১ এপ্রিল আসামি হাবিব মিয়া বিদেশফেরত এক আত্মীয়কে ঢাকা বিমানবন্দর থেকে আনার কথা বলে কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। পরদিন মাইক্রোবাসের চালক আবুল বাশার আসামি হাবিবের দেওয়ার নির্দেশনা অনুযায়ী করিমগঞ্জ এলাকা থেকে চারজন যাত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এরপর রাত ১১টার দিকে মাইক্রোবাসটি যখন ঢাকার আবদুল্লাহপুরে আসে, তখন মাইক্রোবাসের থাকা অপরাধীরা চালকের হাত-পা বেঁধে ফেলেন।

আসামিরা এক পর্যায়ে মাইক্রোবাস নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলে যান। পরে মাইক্রোবাসের চালক বাসারকে সোনারগাঁ এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যান। পরে আসামি হাবিব গাড়িটি ১ লাখ ৩০ হাজার টাকায় মিজানের কাছে বিক্রি করেন। মিজান ভুয়া নম্বর প্লেট ও কাগজপত্র সংগ্রহ করে কুমিল্লা জেলায় গাড়িটি চালান।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/০৫ জুন


Back to top button
🌐 Read in Your Language