সংগীত

নতুন গান নিয়ে এলেন হৃদয় খান

ঢাকা, ৩১ মে – ভক্তদের নতুন গান উপহার দিলেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হৃদয় খান। নাম ‘আবেগী এ মন’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় নিজেই। কথা লিখেছেন মিলন মাহমুদ।

গানটি প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘মাঝে নিয়মিতই গান বানাতাম, প্রকাশ করতাম। তবে এক বছর ধরে করোনার কারণে নতুন গান প্রকাশ করছি কম। কোভিড পরিস্থিতিতে মানুষের মনে আনন্দ নেই। তার পরও আমার ভক্তদের কথা মাথায় রেখে এবারের গানটি প্রকাশ করেছি।’ হৃদয় আরো জানান, আপাতত লিরিকাল আকারে প্রকাশ করলেও পরে অফিশিয়াল ভিডিও আকারে গানটি আবার প্রকাশ করার পরিকল্পনা আছে তার। ভিডিওটির শুটিং হবে আউটডোরে। পরিচালনা করবেন তিনি নিজেই।

রোমান্টিক ধাঁচের গানটি লিরিকাল ভিডিও আকারে প্রকাশ পেয়েছে হৃদয় খানের নিজের ইউটিউব চ্যানেলে।

এন এইচ, ৩১ মে


Back to top button
🌐 Read in Your Language