কলাপাড়ায় ১৬ ফুটের ইলিশ নিয়ে ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

পটুয়াখালী, ১৪ এপ্রিল – বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় একটি ব্যতিক্রমধর্মী বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মূল আকর্ষণ ছিল ১৬ ফুট দীর্ঘ একটি বিশাল আকৃতির ইলিশ মাছের প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন সমুদ্র থেকে সদ্য ভেসে উঠেছে একটি জ্যান্ত ইলিশ। ইলিশের পাশাপাশি বিশাল আকৃতির একটি বকের প্রতিকৃতিও দর্শনার্থীদের বিশেষভাবে মুগ্ধ করে। শোভাযাত্রা চলার পথে অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে বাঙালির চিরায়ত গ্রামীণ ঐতিহ্যের প্রতীক বাতাসা, নকুল দানা, খৈ, মোয়া এবং মুড়িসহ নানা মিষ্টিজাতীয় খাবার বিতরণ করা হয়।
এছাড়া শত শত রঙিন মুখোশ এবং কৃষক কৃষাণীর দৈনন্দিন জীবনগাঁথাসহ গ্রামবাংলার বিলুপ্তপ্রায় মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম প্রদর্শনীর মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়। আয়োজক সংগঠন রংধনু ক্লাবের সভাপতি হুমায়ুন কবির জুয়েল সিকদার জানান, আধুনিক নতুন প্রজন্মের কাছে বাঙালির শত বছরের ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









