কুমিল্লা

ব্যবসায়ীকে কুপিয়ে রামদা হাতে লুঙ্গি ড্যান্স দেওয়া অপরজনও গ্রেফতার

কুমিল্লা, ২৮ মে– মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গত ১৪ মে কুমিল্লার চৌদ্দগ্রামের কোমারডোগা গ্রামে এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। ঘটনার দিন রাতে হিন্দি গান লুঙ্গি ড্যান্স বাজিয়ে উল্লাস করেন লুঙ্গি পরা দুইজন। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়। এ ঘটনায় ১৭ মে রাতে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন ব্যবসায়ী দেলোয়ারের স্ত্রী আয়েশা আক্তার। ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের একজন মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ।

এবার গ্রেফতার হলেন রামদা হাতে সেই উল্লাস করা অপরজন। তার নাম মো. রাসেল (২৫)। তিনি তিনি চৌদ্দগ্রামের কোমারডোগা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তার সঙ্গে শাজালাল (৩৫) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় র‌্যাব।

র‌্যাবের কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, ‘আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের ব্যবসায় বাধা দেন দেলোয়ার। বাধা দেওয়াকে কেন্দ্র করে তারা দেলোয়ারকে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে, রাতে গানের তালে উল্লাস করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তারাই। বিষয়টি র‌্যাবের দৃষ্টিগোচর হলে, তাদের ধরতে বিশেষ অভিযানে নামে র‌্যাব। বৃহস্পতিবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়। বাকিদের ধরতে অভিযান অব্যাহত।’

সূত্র : বিডি প্রতিদিন
এম এন / ২৮ মে


Back to top button
🌐 Read in Your Language