অপরাধ

ছেলের সামনে বাবাকে হত্যা মামলায় আরও দুই আসামির দোষস্বীকার

ঢাকা, ২৮ মে– রাজধানীর পল্লবীতে ছয় বছরের ছেলের সামনে বাবা ব্যবসায়ী সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যার মামলায় আরও দুই আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- ইকবাল ও শরীফ। এ ছাড়া এদিন টিটু নামের আরেক আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার চার দিনের রিমান্ড শেষে এ তিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন। ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী তাদের স্বীকারোক্তি গ্রহণ ও কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৩ মে এই তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলায় বাবু ওরফে কালা বাবু ওরফে কালু ওরফে শেখ রাসেল হোসেন রিমান্ডে রয়েছেন। এ ছাড়াও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল এবং জহিরুল ইসলাম বাবু ওরফে বাইট্টা বাবু কারাগারে রয়েছেন। এ ছাড়া আরও তিন আসামি দোষ স্বীকার করে কারাগারে রয়েছেন। আর বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দুই আসামি।

উল্লেখ্য, গত ১৬ মে পল্লবীতে ছয় বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওইদিন বিকেলে সাড়ে ৪টায় পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

সূত্র : আমাদের সময়
এম এন / ২৮ মে


Back to top button
🌐 Read in Your Language