দক্ষিণ এশিয়া

ভারতে ব্ল্যাকের পর এবার ‘হোয়াইট ফাঙ্গাস’

নয়াদিল্লী, ২০ মে– করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। তার মধ্যে এবার হাজির হোয়াইট ফাঙ্গাস। বৃহস্পতিবার ভারতের বিহারে চারজন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ছত্রাকটি।

কেন এই নতুন ছত্রাক আরও বেশি ভয়ের, উত্তরে চিকিৎসকেরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শুধুমাত্র মুখের আশপাশের অঙ্গগুলোতেই হয়। কিন্তু হোয়াইট ফাঙ্গাস খুব দ্রুত অন্য অঙ্গে ছড়িয়ে পড়ে। ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গ— সমস্ত অঙ্গই অত্যন্ত দ্রুত সংক্রমিত হতে পারে এই ভাইরাসে। নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এটি। তার পরে অঙ্গগুলোকে বিকলও করে দিতে পারে এই ছত্রাক।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার অত্যন্ত বেশি। হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ধারণা নেই। কিন্তু নানা অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা দেখে বিজ্ঞানীরা ধারণা করছেন, এটি আরও বেশি বিপজ্জনক হতে পারে।

ইতিমধ্যেই যে চারজনের শরীরে এই ছত্রাকের সংক্রমণ পাওয়া গেছে, তাদের করোনার যাবতীয় উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি। তার পেছনে হোয়াইট ফাঙ্গাসের কোনো ভূমিকা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞানীদের দাবি, হোয়াইট ফাঙ্গাস অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের বেশি পরিমাণে আক্রান্ত করতে পারে। তাই অতি দ্রুত এই ছত্রাক সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন তারা।

সূত্র : আমাদের সময়
এম এন / ২০ মে


Back to top button
🌐 Read in Your Language