আইন-আদালত

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিলেন হাইকোর্ট

ঢাকা, ২৭ এপ্রিল – জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে নুসরাতের পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন নুসরাত তাবাসসুম। গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন।

জানা গেছে, ওই দিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় থাকলেও নুসরাত ৪টা ১৯ মিনিটে তা জমা দেন। মাত্র ১৯ মিনিট দেরিতে জমা দেওয়ার কারণে কমিশন তার মনোনয়নপত্রটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language