বৃষ্টির খণ্ডিত লাশ মিলল যুক্তরাষ্ট্রের নদীতে

ওয়াশিংটন, ২৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উচ্চশিক্ষা নিতে যাওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। জামিলের মরদেহ উদ্ধার করা হলেও তাঁর বান্ধবী বৃষ্টির সন্ধানে এখনো তল্লাশি চলছে। তদন্তকারীদের ধারণা, বৃষ্টিকে হত্যার পর তাঁর দেহ কয়েক খণ্ড করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় জামিলের রুমমেট ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিশাম সালেহ আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। প্রধান অভিযুক্ত হিশামের বাসায় তল্লাশি চালিয়ে বৃষ্টির ডিএনএ আলামত উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবক এখনো পুলিশের কাছে মুখ খোলেনি। উই আর দ্য অ্যাসেনশিয়ালস নামের একটি স্বেচ্ছাসেবী দল পুলিশের সঙ্গে নিখোঁজ বৃষ্টির সন্ধানে কাজ করছে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বৃষ্টির গ্রামের বাড়ি মাদারীপুর এবং ঢাকার মিরপুরে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী বৃষ্টির পরিবারের সদস্যরা দ্রুত মরদেহের উদ্ধার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডা কনস্যুলেট সার্বক্ষণিকভাবে মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং স্টেট ডিপার্টমেন্টের সহযোগিতায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
এস এম/ ২৭ এপ্রিল ২০২৬









