যূক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

ওয়াশিংটন, ৯ জুলাই – যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় কর্মস্থলে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় ডোরড্যাশের মাধ্যমে খাবার সরবরাহের কাজ করার সময় তিনি এই হামলার শিকার হন।

নিহত মাহফুজুল হক নর্থইস্ট ফিলাডেলফিয়ার বাসিন্দা ছিলেন এবং তার বয়স হয়েছিল ৪৩ বছর। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে অবস্থানকালে মাহফুজুল হকের মাথার পেছনে গুলি করা হয়।

পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে মাহফুজুল হকের চালু অবস্থায় থাকা গাড়ি এবং ডেলিভারি ব্যাগ উদ্ধার করেছে। এছাড়া সেখান থেকে রাইফেলের ব্যবহৃত দুটি খোসা জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এই ঘটনায় ইতোমধ্যে তিন মুখোশধারীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাহফুজুল হকের মৃত্যুতে স্থানীয় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী এবং ১৪ বছর বয়সী এক সন্তানের জনক ছিলেন।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language