পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইসলামাবাদ, ২৫ এপ্রিল – পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার ইসলামাবাদে অবস্থিত ইরান দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৈঠকে উভয় দেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
পাকিস্তান ও ইরানের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার লক্ষ্যে দুই নেতা ঐকমত্য পোষণ করেছেন। ইরান দূতাবাস সূত্রে জানা গেছে, ইসলামাবাদ ও তেহরানের মধ্যকার পারস্পরিক সহযোগিতা এবং চলমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। উভয় দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর আলোচনা করেন।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









