নেত্রকোনা

নেত্রকোণায় পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু

নেত্রকোণা, ২৭ এপ্রিল – নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতের ঘটনায় এক মৎস্য শিকারী এবং দুইজন কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেলের মধ্যে উপজেলার বিভিন্ন হাওর ও নদী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল মোতালিব সকালে ধনু নদে মাছ ধরতে এসে বজ্রপাতের শিকার হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সিএনজিযোগে এসে বরশি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

একই দিন দুপুরে উপজেলার সাতগাঁও গ্রামে নিজ বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক বজ্রপাতে প্রাণ হারান। স্থানীয়রা জানান, ধান শুকানোর কাজ করার সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এ ছাড়া বিকেল তিনটার দিকে কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় সিরাজগঞ্জের বাসিন্দা শুভ মন্ডল নামে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

সুরতহাল প্রতিবেদন শেষে দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্যজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language