জাতীয়

জঙ্গি হামলার শঙ্কা: দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা

ঢাকা, ২৭ এপ্রিল – দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া একটি চিঠির প্রেক্ষিতে দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো নিয়মিতভাবে কঠোর নিরাপত্তা বলয়ে থাকলেও বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেবিচক চেয়ারম্যান বিষয়টিকে তাদের নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের একটি অংশ হিসেবেও উল্লেখ করেন।

এর আগে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয় যে, নিষিদ্ধঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক হামলা চালাতে পারে। যদিও বার্তায় নির্দিষ্ট কোনো সংগঠনের নাম উল্লেখ করা হয়নি, তবে সম্প্রতি ইশতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামের এক উগ্রবাদী সদস্যকে গ্রেপ্তারের তথ্য প্রদান করা হয়েছে।

বাংলাদেশে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ তিনটি আন্তর্জাতিক এবং পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর সচল রয়েছে। বর্তমানে এসব বিমানবন্দরে বেবিচকের নিজস্ব এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language