গোপালগঞ্জ

প্রাইভেটকার খাদে পড়ে মা-ছেলে নিহত

গোপালগঞ্জ, ১৫ মে– গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ছয় জন।

নিহত ব্যক্তিরা হলেন- কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত তারা আলী মোল্লার ছেলে মহিদুল মোল্লা (৩৫) ও তার মা মরিয়ম বেগম (৬০)।

আহত ব্যক্তিদের মধ্যে মহিদুলের খালা আয়েশা বেগম (৪৫) ও ফিরোজা বেগমকে (৪০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মহিদুলের স্ত্রী সুমি বেগম (৩০), মেয়ে মীম (১১), ছেলে মোমিন (৭) ও খালাত বোন বৈশাখীকে (১০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুল বারেক জানান, সকালে মহিদুল ফুকরার গ্রামেরবাড়ি থেকে প্রাইভেটকার চালিয়ে মা, স্ত্রী, ছেলে, মেয়ে, ২ খালা ও খালাত বোনকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে যান। সমাধিসৌধ পরিদর্শন করে তারা ওই প্রাইভেটকারে করে ফুকরার উদ্দেশ্যে রওনা দেন। পথে পাথালিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে তাদের প্রাইভেটকারটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে চাকা ফেটে সেটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মহিদুল নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মরিয়ম বেগম মারা যান।

নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সূত্র : সমকাল
এম এন / ১৫ মে


Back to top button
🌐 Read in Your Language