জাতীয়

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বারোপ

ঢাকা, ১৫ জুন – গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান কিংবা সরকারের তোষামোদ নয়, বরং সত্যকে সরাসরি জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত। বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বিদ্যমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম. ছালেহ জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই লক্ষ্যেই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

টেলিভিশন শিল্পের প্রতিনিধিদের পক্ষ থেকে ওয়েজ বোর্ড বাস্তবায়ন, চাকরির নিশ্চয়তা এবং দ্রুত কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। চ্যানেল ২৪ এর নির্বাহী পরিচালক জহিরুল আলম স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারি নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে গণমাধ্যম কমিশনের রূপরেখা নিয়ে আলোচনা হবে।

এনএন/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language