জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৫ জুন – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নসহ বিভিন্ন দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাথে এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হ্যারি থমসন এবং অ্যানা পিটারসন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর এবং সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন। বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র প্রাণবন্ত হতে পারে না বলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়। এছাড়া জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনএন/ ১৫ জুন ২০২৬









