প্রতারক চক্রের ৪ সদস্য আটক

নারায়ণগঞ্জ, ০৯ মে– নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৯ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।
এর আগে ৮ মে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটকরা হলেন- এসহাক আলী (৭০), মামুন (৪৯), খন্দকার মো. রাজু আহমেদ ওরফে মাসুদ (৫৬) ও ফারুক কবির (৩৫)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যবসায়ী শ্রেণির লোকজনদের টার্গেট করে বিভিন্ন লাভজনক ব্যবসার প্রলোভন দেখিয়ে কখনও ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া, কখনও ডিলারশিপ পাইয়ে দেওয়া, কখনও বা এজেন্ট নিয়োগের কথা বলে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের ভাড়া করা সুসজ্জিত অফিসে ডেকে নিয়ে আসে এবং জামানত/বিনিয়োগ বাবদ প্রতারণামূলকভাবে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করে আসছে। প্রতিনিয়ত নিত্যনতুন কৌশলে এ সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্যরা তাদের পাতানো প্রতারণার ফাঁদে ফেলে সহজ সরল ব্যবসায়ীদের নিঃস্ব ও সর্বস্বান্ত করে আসছে। তাদের প্রতারণায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
সূত্র : বাংলানিউজ
এম এন / ০৯ মে








