দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ঢাকা, ১৭ এপ্রিল – দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি দুইজন হামের উপসর্গ নিয়ে মারা যায়। নিশ্চিত আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে দুইজন বরিশাল বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১৫ জনের শরীরে সন্দেহজনক সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২৭ জন শিশুর ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে, যাদের বড় একটি অংশ ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৩৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ১৭৪ জন শিশু।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









