মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান

তেহরান, ১৭ এপ্রিল – হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার এক ঘোষণায় জানিয়েছেন যে যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে আব্বাস আরাকচি তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় উল্লেখ করেন যে লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে নির্ধারিত সমন্বিত রুট ব্যবহার করে বাণিজ্যিক জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। তিনি আরও জানান যে দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা আপাতত যুদ্ধবিরতির মেয়াদকাল পর্যন্ত কার্যকর থাকবে।

হরমুজ প্রণালিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই ঘোষণার প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের ওপর ইতিবাচক পড়বে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অজুহাতে গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘ ৩৯ দিনের যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৭ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।

এরপর ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের মধ্যে আলোচনা হলেও স্থায়ী কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত ২০৭৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৬ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থীর মৃত্যুর হৃদয়বিদারক ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language