জাতীয়

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু, সুবিধা পাচ্ছে ৫৫ লাখ পরিবার

ঢাকা, ৩ আগস্ট – দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে সারা দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকারভোগীরা বছরে মোট ছয় মাস এই সুবিধা পাবেন। মাসগুলো হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরবর্তী বছরের মার্চ ও এপ্রিল। প্রতিটি পরিবার মাসে নির্ধারিত ৩০ কেজি চাল সংগ্রহ করতে পারবে।

দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টির মান উন্নয়নের বিষয়টি মাথায় রেখে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধ ফর্টিফায়েড রাইস বা পুষ্টিচাল বিতরণ করা হচ্ছে। এছাড়া অবশিষ্ট ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।

একই সঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি ওএমএস কেন্দ্রের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সরকারি খাদ্য মজুত অতীতের যেকোনো সময়ের তুলনায় সন্তোষজনক অবস্থায় রয়েছে।

গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন এবং গম রয়েছে ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন। অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও বর্তমানে চলমান রয়েছে।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button