শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, শিক্ষার সঙ্গে এআইয়ের সমন্বয়ের আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা,২০ নভেম্বর-পুরো শিক্ষাব্যবস্থাকে আমূল পরিবর্তন করে নতুনভাবে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ঘটানোর আহ্বানও জানান তিনি।
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। শুক্রবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সময় ঢাকা কলেজে কাটানো জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি কলেজটির ইতিহাস ও ঐতিহ্যের কথাও সবার সামনে তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে, কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেইভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকার অর্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।’
বক্তব্যে দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২০ নভেম্বর ২০২৬







