শ্যামলীতে হাসপাতালে চাঁদা দাবির মামলা: প্রধান আসামিসহ ৭ জন কারাগারে

ঢাকা, ১৭ এপ্রিল – রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রিমান্ড শেষে শুক্রবার আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার শ্যামলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাব্বির আহমেদ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন এমবি স্বপন কাজী, শাওন হোসেন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. সুমন ও মো. লিটন মিয়া। এর আগে মামলার আসামিদের পৃথকভাবে কয়েক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ গত ১১ এপ্রিল শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয় যে, আসামিরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি প্রদান করেছেন।
এই ঘটনায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩৮৫ এবং ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









