চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে ৪টি বিদেশি জাহাজ

চট্টগ্রাম, ১৭ এপ্রিল – চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসে পৌঁছেছে। এর মধ্যে তিনটিতে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং অন্যটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে এই বিপুল পরিমাণ জ্বালানি আসায় বর্তমানে কোনো সংকটের আশঙ্কা নেই।
লাইবেরিয়ার পতাকাবাহী এমটি অকট্রি জাহাজটি ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে। এই জাহাজ থেকে এরই মধ্যে ছোট জাহাজে তেল খালাস বা লাইটারিং প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮ এপ্রিল এটি ডলফিন জেটিতে নোঙর করার কথা রয়েছে।
বিপিসির তথ্য অনুসারে পর্তুগালের পতাকাবাহী এমটি কেপ বনি ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল, কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী এমটি নেভি সিয়েলো ২৭ হাজার ৩৬৩ টন অকটেন এবং চীনের পতাকাবাহী এমটি লিয়ান সং হো ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে বন্দরে অবস্থান করছে।
ভ্যাসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী জাহাজগুলো মূলত মালয়েশিয়ার তানজুং পেলেপাস ও ভারতের শিখা বন্দর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রামে এসেছে। বিপিসি জানিয়েছে চলতি সপ্তাহে তেলের আরও বেশ কিছু চালান আসার কথা রয়েছে।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









