কলকাতায় রেলের বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৯

কলকাতা, ০৯ মার্চ – পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশসহ অন্তত নয় জনের মৃত্যু হয়েছে।
কলকাতার দৈনিক পত্রিকা জানায়, নিহতদের মধ্যে চার জন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী, একজন আরপিএফ কর্মী এবং একজন এএসআই রয়েছেন। নিহত আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জানা যায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর নিহতদের পাঁচজনের মৃতদেহ একটি লিফ্টের ভেতর পাওয়া যায়। ২৫টি ফায়ার ইঞ্জিন চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : ২৯৪ আসনে আমিই প্রার্থী : মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী এবং পুলিশের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থলে ছুটে যান।
হুগলি নদীর কাছে নিউ কয়লাঘাট ভবনের ১৩ তলায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে যৌথভাবে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের কার্যালয় রয়েছে।
আগুন লাগার পর ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় অনলাইনে রেলের টিকিট বুকিং কার্যক্রম ব্যাহত হয়।
মুখ্যমন্ত্রী মমতা নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র : আনন্দবাজার
এন এইচ, ০৯ মার্চ









