জাতীয়

বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সংসদ অধিবেশন চান ডা. শফিকুর রহমান

ঢাকা, ১৪ আগস্ট – দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী এবং সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং শিল্প উৎপাদন ও ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে জনমনে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডা. শফিকুর রহমান চিঠিতে আরও উল্লেখ করেন যে জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালীন সময়ে নীরব থাকা সম্ভব নয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা এবং দ্রুত সমাধান খুঁজে বের করা জরুরি।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক সমস্যাগুলোর সমাধানে অনতিবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

এনএন/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language