জাতীয়

প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান, পেলেন সিন্ডিকেট সদস্যের দায়িত্বও

অধ্যাপক নাহরিন ইসলাম খান

ঢাকা,১৭ অক্টোবর-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি তাঁকে জাবির সিন্ডিকেট সদস্য হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাপক নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ২২(১)(জি) ও ২২(৩) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে, ২০২৫ সালের ২৩ জুন অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের অনুকূলে জারি করা সিন্ডিকেট সদস্য মনোনয়ন আদেশের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল গভর্ন্যান্স বিষয়ে মাস্টার্স এবং মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশন অ্যান্ড ইনোভেশন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ, গবেষণা অনুদান ও সম্মাননা পেয়েছেন।

এস এম/ ১৭ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language