উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমাতে ভারতের সঙ্গে এ বছরই বাণিজ্য চুক্তি করতে চায় কানাডা

ভারতের সঙ্গে এ বছরই বাণিজ্য চুক্তি করতে চায় কানাডা

অটোয়া,১৬ অক্টোবর-যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে চলতি বছরের মধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চায় কানাডা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নিচ্ছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংরক্ষণবাদী বাণিজ্যনীতির মধ্যে বিকল্প বাজার ও অংশীদার খুঁজছে কানাডা।

বুধবার নয়াদিল্লিতে কানাডীয় হাইকমিশনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। তিনি বলেন, আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য রয়েছে কানাডার।

ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আলোচনা এই পরিকল্পনারই অংশ। আনন্দ বলেন, ‘আমরা বছরের শেষ নাগাদ চুক্তিটি চূড়ান্ত করতে চাই।’

বাণিজ্যের পরিধি বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তবে একই সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাও বজায় রাখতে চায় কানাডা।

আনন্দ জানান, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। গত সপ্তাহে ভারতের বাণিজ্য আলোচকেরা কানাডা সফর করেছেন। এ ছাড়া কানাডার বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুও একটি ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে ভারতে রয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তি নিয়ে আলোচনা করেছেন। আগামী ডিসেম্বরে মোদির কানাডা সফরের কথা রয়েছে।

কানাডার হিসাব অনুযায়ী, এই চুক্তি হলে ২০৩০ সালের মধ্যে দুই দেশের বার্ষিক পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ ৭ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। ২০২৫ সালে দুই দেশের পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ ছিল ৩ হাজার ৪০ কোটি ডলার।

২০২৫ সালে দুই দেশের মধ্যে শুধু পণ্য বাণিজ্য হয়েছে ১ হাজার ৯০ কোটি ডলারের। ওই বছর ভারতে কানাডার রপ্তানি আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৫ শতাংশ কমেছে। অন্যদিকে, ভারত থেকে কানাডার আমদানি বেড়েছে ১৮ দশমিক ৯ শতাংশ।

দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার বাস্তব উদাহরণ হিসেবে চলতি বছরের ইউরেনিয়াম সরবরাহ চুক্তির কথা উল্লেখ করেন আনন্দ। কানাডার কোম্পানি ক্যামেকো ও ভারতের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মূল্য ২৬০ কোটি কানাডীয় ডলার, যা প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের সমান।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়ার আরেকটি উদাহরণ হলো কানাডার ফেয়ারফ্যাক্স ফিন্যান্সিয়াল হোল্ডিংসের বিনিয়োগ। প্রতিষ্ঠানটি ভারতের আইডিবিআই ব্যাংকের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কিনতে সম্মত হয়েছে। এই চুক্তির মূল্য ৫২ হাজার ৮৭৮ কোটি রুপি বা ৫৫৬ কোটি ডলার। এটি ভারতের সবচেয়ে বড় আন্তঃসীমান্ত ব্যাংক চুক্তি হবে।

ভারতের পাশাপাশি অন্যান্য অংশীদারের সঙ্গেও বাণিজ্য বাড়াচ্ছে কানাডা। চলতি মাসের শেষ দিকে একটি শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিদ্যমান সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির ভিত্তিতে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় দুই পক্ষ।

গত বছর ইন্দোনেশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করেছে কানাডা। ২০২৬ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গেও চুক্তি করতে চায় দেশটি। আনন্দ জানান, কানাডার সম্পাদিত ১৫টি বাণিজ্য চুক্তির আওতায় ৫১টি দেশ ও ১৫০ কোটি ভোক্তা রয়েছে।

এস এম/ ১৬ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language