প্রশ্ন ফাঁস ঠেকাতে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় কঠোর নিরাপত্তা

ঢাকা,১৬ অক্টোবর-যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ১০ অক্টোবর স্থগিত হওয়া পরীক্ষাটি শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা ঘিরে সার্বিক প্রস্তুতি তদারকি করতে রাতে সচিবালয়ে অবস্থান করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রশ্নপত্র যাতে কোনোভাবেই ফাঁস না হয়, তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সচিবালয়ে অবস্থান করছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে প্রশ্নপত্র তৈরি ও মুদ্রণের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের ওপরও কঠোর নজরদারি রাখা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর ও আশপাশের কক্ষগুলোতে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের স্থগিত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১০ অক্টোবর সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি নজরে আসায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়।
স্থগিত হওয়া এই নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ও সময় প্রাথমিকভাবে ১৬ অক্টোবর বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে বিষয়টি আবার জানানো হবে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬







