মার্কিন নৌবাহিনীর জন্য এসএম-৬ ক্ষেপণাস্ত্র তৈরিতে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি

ওয়াশিংটন, ০২ অক্টোবর- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সামরিক অস্ত্রের ঘাটতি পূরণ এবং মজুত বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন নৌবাহিনীর জন্য ‘স্ট্যান্ডার্ড মিসাইল-৬’ (এসএম-৬) ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরিতে ২৪.৪ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে পেন্টাগন। পাঁচ বছর মেয়াদি এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান আরটিএক্স-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘রেথিয়ন’-কে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
চুক্তির শর্ত অনুযায়ী, পাঁচ বছরের মেয়াদের পাশাপাশি আরও দুই বছর সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। আক্রমণাত্মক হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ—দুই ধরনের মিশনেই এসএম-৬ ক্ষেপণাস্ত্রের সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে, সেই লক্ষ্যেই চুক্তিটি করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন সামরিক সংঘাতের প্রেক্ষাপটে অস্ত্র প্রস্তুতকারক ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে উৎপাদন বাড়াতে ট্রাম্প প্রশাসন যে জোরালো চাপ দিয়ে আসছে, নতুন এই চুক্তিকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। চলতি বছর এএমআরএএএম (AMRAAM) ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য বহু বছর মেয়াদি চুক্তি এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর চুক্তির পর এটি পেন্টাগনের অন্যতম বড় সামরিক চুক্তি।
তবে শিল্প খাতের উচ্চপদস্থ নির্বাহীরা জানিয়েছেন, মার্কিন কংগ্রেস এখনো এসব চুক্তির জন্য প্রয়োজনীয় বাজেট বা তহবিল অনুমোদন করেনি। ফলে আইনপ্রণেতারা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ বা উৎপাদন বাড়াতে সাময়িক বিলম্বের মুখে পড়তে পারে।
অন্যদিকে, আরটিএক্স জানিয়েছে, তারা বসে নেই। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নিজেদের কর্মী বাহিনী বাড়ানো এবং বিশ্বজুড়ে সরবরাহ চেইনের অংশীদারিত্ব শক্তিশালী করতে বিপুল পরিমাণ নিজস্ব অর্থ বিনিয়োগ করেছে।
এস এম/ ০২ অক্টোবর ২০২৬







