মধ্যপ্রাচ্য

ইরাক-ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ছয়টি চুক্তি

ইরাক-ফ্রান্স

বাগদাদ, ১৫ সেপ্টেম্বর- প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে ইরাক ও ফ্রান্সের মধ্যে ছয়টি চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর এসব চুক্তি স্বাক্ষর করা হয়। খবর আনাদোলুর।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে ভবিষ্যতে ফ্রান্স থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে একটি রোডম্যাপ নিয়েও দুই দেশ একমত হয়েছে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা এবং ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ফরাসি প্রতিষ্ঠান হারমাতান এআইয়ের মধ্যে একটি সমঝোতা। এর আওতায় স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দুই পক্ষ সহযোগিতা করবে।

এ ছাড়া কামান, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা এবং নজরদারি প্রযুক্তি নিয়ে ফরাসি কোম্পানিগুলোর সঙ্গে আরও আলোচনা করবে বাগদাদ।

সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনীতি ও বেসামরিক খাতেও চুক্তি হয়েছে। এর মধ্যে ইরাকে ফরাসি সামরিক সরঞ্জাম সরবরাহ, টোটাল এনার্জিসের সঙ্গে গ্যাস খাতে সহযোগিতা, বেসামরিক বিমান চলাচল, গবেষণা ও উদ্ভাবন এবং ফরাসি উন্নয়ন সংস্থার সঙ্গে সহযোগিতার বিষয় রয়েছে।

বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন ম্যাক্রোঁ ও আলি আল-জাইদি। তারা আঞ্চলিক উত্তেজনা কমানোর আহ্বান জানান। একই সঙ্গে হরমুজ প্রণালিসহ আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

২০২৩ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্বের আওতায় অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও দুই নেতা একমত হয়েছেন।

ফ্রান্সে দুই দিনের সফর শেষে সোমবার দেশটি ছাড়েন ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ইউরোপ সফরের দ্বিতীয় ধাপে তাঁর জার্মানি যাওয়ার কথা রয়েছে।

বিডি-প্রতিদিন/এআইএস

এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language