মধ্যপ্রাচ্য

ইসরায়েলসহ ‘শত্রুভাবাপন্ন রাষ্ট্রের’ হয়ে কাজের অভিযোগে ২৪০ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইরান

২৪০ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইরান

তেহরান,১৪ সেপ্টেম্বর- ইসরায়েলসহ বিভিন্ন ‘শত্রুভাবাপন্ন রাষ্ট্রের’ হয়ে কাজ করার অভিযোগে ইরানি কর্তৃপক্ষ ২৪০ জনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

দেশটির বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ইরানের বিরুদ্ধে অপপ্রচার এবং সরাসরি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের এসব কর্মকাণ্ডের কারণে দেশের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র আইআরআইবিকে বলেন, ‘বাজেয়াপ্ত করা এসব সম্পত্তি মূলত ইরানি জনগণের। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে যাতে এসব সম্পদ ব্যবহার করা যায়, বিচার বিভাগ তা নিশ্চিত করবে।’

উল্লেখ্য, গত বছর ইরান কঠোর গুপ্তচরবৃত্তিবিরোধী একটি আইন পাস করে। নতুন এই আইনে যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য কোনো শত্রুভাবাপন্ন রাষ্ট্র বা গোষ্ঠীকে সহযোগিতা করলে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগও রাখা হয়েছে।

আইনে অপরাধের পরিধিও বেশ বিস্তৃত করা হয়েছে। এর মধ্যে যেকোনো উপায়ে ইসরায়েলকে ‘বৈধতা প্রদান’ করার পাশাপাশি বিদেশি নেটওয়ার্ক বা গণমাধ্যমে ছবি কিংবা সংবেদনশীল তথ্য আদান-প্রদানকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এস এম/ ১৪ সেপ্টেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language